আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার ডাঃ পি. কে. চক্রবর্তীর জারি করা বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে দাবি, আপত্তি ও পরামর্শ গ্রহণ এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকা নিয়ে দাবি, আপত্তি ও পরামর্শ জানানোর সুযোগ থাকবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ২৩ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ত্রিপুরা মিউনিসিপ্যালিটিজ (কন্ডাক্ট অব ইলেকশন) রুলস, ১৯৯৫-এর রুল-৩ অনুযায়ী ক্ষমতাবলে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার তথা জেলা শাসকরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের জন্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবেন। এ ক্ষেত্রে ত্রিপুরা মিউনিসিপ্যালিটিজ (রেজিস্ট্রেশন অব ইলেক্টরস) রুলস, ১৯৯৫-এর রুল-৭ অনুসরণ করা হবে।
রাজ্যের উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন মহকুমা নির্বাচন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিটি ত্রিপুরা গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য জিএ (প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি) দপ্তরের অধিকর্তাকেও অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ২৫ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে নগর স্থানীয় সংস্থার নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হবে।



















