আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয় পর্যন্ত সংযোগকারী রাস্তা এবং একটি বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া, কৃষকসহ এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কয়েক যুগ ধরে রাস্তাটির কোনো উল্লেখযোগ্য সংস্কার করা হয়নি। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় প্রতিদিন বহু কৃষক এই পথ ব্যবহার করেন। পাশাপাশি স্কুলে যাতায়াতকারী ছাত্রছাত্রীদেরও ঝুঁকি নিয়ে এই রাস্তা ও বেইলি ব্রিজ পার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে কাদামাটি ও ভাঙাচোরা রাস্তায় চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রাক্তন বিধায়কের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের অভিযোগ, বছরের পর বছর রাস্তা সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নোয়াগাঁও-তালতলা সড়ক এবং বেইলি ব্রিজের সংস্কারের দাবি জানান। তাদের বক্তব্য, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।



















