আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের মাধ্যমে অন্তর্ভুক্ত করে দেশের প্রথম রাজ্যের স্বীকৃতি পেল ত্রিপুরা। বুধবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এদিন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক এবং এমপ্যানেলভুক্ত বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলির দায়িত্ব, সরকারি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ, বৃত্তি প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই উদ্যোগ রাজ্যের জনজাতি শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষক শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজলভ্য করবে। পাশাপাশি বৃত্তি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, রাজ্য সরকার জনজাতি যুব সমাজকে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন ব্যবস্থা শিক্ষার্থীদের পেশাদার শিক্ষক-প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বাড়াবে।
বৈঠকে উপস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক এবং এমপ্যানেলভুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরকারের নির্দেশিকা মেনে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
























