ধর্মনগর, ২২ জুলাই: জনজীবনের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার ধর্মনগরে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র ধর্মনগর মহকুমা কমিটি। এদিন সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পুনরায় মহকুমা কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশ নেন।
দলীয় নেতৃত্বের দাবি, ধর্মনগর পুর এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার, নিরবচ্ছিন্ন পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, ধর্মনগর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা চালু করা, নগর এলাকার বিপিএলভুক্ত পরিবারের জন্য বছরে ৭৫ দিনের টুয়েপ কর্মসংস্থানের নিশ্চয়তা, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ এবং ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরে সাধারণ মানুষের নথিপত্র সংক্রান্ত হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
এছাড়াও রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয় সিপিআই(এম)। বিক্ষোভ চলাকালীন দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায়-সহ দলের অন্যান্য নেতা ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
দলীয় নেতৃত্ব জানিয়েছে, জনস্বার্থে উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সিপিআই(এম)।
























