আগরতলা, ২৪ জুন: সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত ৬ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নিয়োগ নিয়মিতকরণের নথি তুলে দেয় শিক্ষা দপ্তর।
এই কর্মীদের পক্ষে মামলাটি পরিচালনা করা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, সংশ্লিষ্ট ৬ জন দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের সেকেন্ডারি এডুকেশন শাখায় ডি.আর.ডব্লিউ কর্মী হিসেবে কাজ করে আসছিলেন।
তিনি জানান, চাকরি নিয়মিতকরণের দাবিতে প্রথমে কর্মীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। তবে রাজ্য সরকারের বক্তব্যকে মান্যতা দিয়ে উচ্চ আদালত জানায়, এ ধরনের কর্মীদের নিয়মিতকরণের জন্য কোনও নির্দিষ্ট সরকারি স্কিম না থাকায় তাদের দাবি মঞ্জুর করা সম্ভব নয়।
পরবর্তীতে ওই ৬ জন কর্মীর সঙ্গে আরও ২ জন যুক্ত হয়ে মোট ৮ জন কর্মী সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করেন। চলতি বছরের এপ্রিল মাসে মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ৮ জন কর্মীকে নিয়মিত করার নির্দেশ দেয়।
সেই নির্দেশের ভিত্তিতে বুধবার ৬ জন কর্মীর হাতে নিয়মিতকরণের নথি তুলে দেওয়া হয়। তবে বাকি দুই কর্মীর মধ্যে একজন ইতোমধ্যেই প্রয়াত হয়েছেন এবং অপরজন চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের এই রায়কে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। নিয়মিতকরণের নথি হাতে পেয়ে সংশ্লিষ্ট কর্মীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।



















