কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোহিমার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। সন্দেহজনক ভেজাল মদের উৎস এবং সরবরাহ শৃঙ্খল খুঁজে বের করাই তদন্তকারী দলের অন্যতম লক্ষ্য।
পুলিশ জানিয়েছে, তদন্তে কিছু সূত্র পাওয়া গিয়েছে। তবে তদন্তের এই পর্যায়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটির একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ঘটনার পর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
১৯৯০ সাল থেকে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধকরণ আইন কার্যকর রয়েছে। তবে বেআইনি ভাবে মদ বিক্রি ও পান এখনও রাজ্যে বড় সমস্যা হয়ে রয়েছে। পুলিশ বারবার মানুষকে অচেনা, লেবেলবিহীন বা সন্দেহজনক মদ পান না করার পরামর্শ দিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেও নাগাল্যান্ডের তুয়েনসাং সিভিল হাসপাতালে সন্দেহজনক ভেজাল মদ পান করে অন্তত নয়জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে একই পরিবারের তিনজনও ছিলেন। ১০ ও ১১ সেপ্টেম্বর তুয়েনসাং টাউন এবং চেনডাং স্যাডল এলাকায় ওই মৃত্যুর ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মৃতদের অনেকেই মদ পান করার পর ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও বমির মতো উপসর্গে ভুগেছিলেন। নাগাল্যান্ডের ডিজিপি রুপিন শর্মা জানিয়েছিলেন, সন্দেহ করা হচ্ছে ভেজাল মদ পান করার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে।



















