আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকপোস্টে তল্লাশির সময় প্রথমে গাড়ির চাকার ভিতর থেকে প্রায় ১০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার হয়। এরপর গাড়িটির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলে আরও বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনায় গাড়ির চালক অখিলেশ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বিহারের পাটনায়। আটক করা হুন্ডাই গাড়িটির নম্বর এস০১ডিএন৬৯০৯। এছাড়াও গাড়ি থেকে ডাব্লিউবি০২একে২৫২৬ নম্বরের একটি বেআইনি নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাড়িটি ধর্মনগর থেকে আগরতলার দিকে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে কুমারঘাটের এক ব্যক্তির নামও উঠে এসেছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে আমবাসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সিরাপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



















