আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সোমবার আগরতলার ইন্দ্রনগরে অবস্থিত গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
রাজ্যপাল বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গোপালন ও দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার গোপালকদের উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক ও সামাজিক মানোন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে একটি নতুন অত্যাধুনিক দুধ প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলসহ ত্রিপুরায় দুধের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করতে হলে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। দুধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে রাজ্যপাল গোপালক ও সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেন।
এদিন রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিমেষ দে-সহ ডেয়ারির অন্যান্য আধিকারিকরা।
























