কাঠালিয়া, ২ জুন: সিপাহিজলা জেলার কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগে স্বামীকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আহত গৃহবধূ রোজিনা বেগম (২৫) কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের খাদ্যাখলা এলাকার বাসিন্দা। তিনি তাঁর ছোট সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বসবাস করতেন এবং বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে অভিযুক্ত স্বামী রসুল মিয়া (৩০)-র বাড়ি সোনামুড়া মহকুমার তামসাবাড়ি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন সন্ধ্যায় হাটবার উপলক্ষে রোজিনা বেগম কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে আসেন। এক পর্যায়ে তিনি একটি সবজির দোকানে সবজি কিনছিলেন। অভিযোগ, সেই সময় অভিযুক্ত স্বামী হঠাৎ লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় রোজিনা বেগমকে উদ্ধার করে কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়।
এদিকে ঘটনার পর অভিযুক্ত রসুল মিয়া যাত্রাপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। পুলিশ তাকে আটক করে থানার লকআপে রাখে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বামী দাম্পত্য কলহের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল বলেও তিনি জানিয়েছেন।
যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, ঘটনার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘটনার পর কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, প্রকাশ্য জনবহুল এলাকায় এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।
পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।



















