আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের “কালো গালে জুতা মারো তালে তালে” -এই স্লোগান দিয়ে কলেজের অধক্ষ্যকে রুমে তালাবন্ধী করে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে কৈলাসহর কলেজে। এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের কুশপুত্তলিকা আগুনে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্র নেতা সায়ন মালাকার, আয়ুস দেব, কঙ্কন পাল, অনুপ কান্তি মজুমদার, স্নেহা সূত্রধর সহ আরও অন্যান্য ছাত্র নেতৃত্বরা।
আন্দোলনের বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে কঙ্কন পাল জানান যে, বিগত কয়েক মাস পূর্বে কৈলাসহর রামকৃষ্ণ মহা বিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের ছাত্র ছাত্রীদের রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে, প্রচুর ছাত্র ছাত্রীরা বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছে। এমনকি ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে বসে লিখিত পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট প্রকাশের পর দেখা যায় যে, ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত। ছাত্র ছাত্রীরা দ্বাদশ শ্রেণিতে আশি কিংবা নব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করে কলেজে ভর্তি হয়ে প্রথম সেমিস্টারে ফেল করছে। যা কোনো ভাবেই বিশ্বাস করা যায় না।
এমনকি ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফের পরীক্ষা দিলেও একই নম্বর অনলাইনে দেখা যাচ্ছে। তাছাড়া যেসব ছাত্র ছাত্রী ব্যক পাবার পর ফের পরীক্ষা দিয়ে পাশ করলেও অনলাইনে সেইসব ছাত্র ছাত্রীদের ব্যক দেখানো হচ্ছে। ছাত্র সংগঠন এবিভিপি-এর পক্ষ থেকে কয়েকবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসকে জানানোর পরও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা গ্রহণ করা হয়নি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজ্যের আটাশটি কলেজেই এই সমস্যা চলছে বলে জানান ছাত্র নেতা কঙ্কন পাল। প্রায় দুই ঘন্টা কৈলাসহর কলেজের অধক্ষ্য ডক্টর অজিত বর্মনকে প্রিন্সিপাল রুমে তালাবন্ধী করে বিক্ষোভ দেখানো পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের কুশপুত্তলিকা কলেজ বিল্ডিংয়ের সামনে আগুন পুড়ানো হয়েছে।
পরবর্তী সময়ে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারের উদ্দেশ্যে লিখিত ভাবে অভিযোগ পত্র তোলে দেওয়া হয়েছে অধক্ষ্য ডক্টর অজিত বর্মনের হাতে। এব্যাপারে কলেজ অধক্ষ্য ডক্টর অজিত বর্মন নিজেও দাবীর যৌক্তিকতা স্বীকার করেছেন।



















