আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পরে পুলিশ জানতে পারে, যুবকের কাছে থাকা পিস্তলটি আসলে নকল।
অভিযোগ, ওই নকল পিস্তলটি দেখিয়ে বিভিন্ন সময়ে মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করা হতো। টাউন হলের সামনে সন্দেহজনকভাবে ওই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্রটি আসল পিস্তল নয়। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে নকল পিস্তলটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর আগে কী কী ঘটনায় এটি ব্যবহার করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।


















