আগরতলা, ১৫ মে : দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সিপাহিজলা জেলার বাসিন্দা জিতেন্দ্র দেববর্মার উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
ঘটনার বিবরণে জানা যায়, গত অনেক দিন ধরে সিপাহিজলা জেলার বাসিন্দা জিতেন্দ্র দেববর্মা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন। আর্থিক অনটনের কারণে তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়াও অত্যন্ত দুঃসাধ্য হয়ে উঠেছিল। কিছুদিন পূর্বে সাংসদ রাজীব ভট্টাচার্যের নিকট সহায়তার আবেদন জানালে, তাঁর পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরা হয় এবং প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন করা হয়।অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হয়েছে যে, আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, জিতেন্দ্র দেববর্মার চিকিৎসার জন্য পিএমএনআরএফ তহবিল থেকে ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।
এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাংসদ রাজীব।


















