নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : গভীর রাতে দিল্লির মধুর বিহার এলাকায় রহস্যজনক আগুন লাগল পার্কিং এলাকায়। আগুনের লেলিহান শিখায় ১৮-২০টি গাড়ি পুড়ে গিয়েছে। দমকল অফিসার অনুপ সিং বলেছেন, “১৮-২০টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি আগুন লাগার নেপথ্যে কারণ হতে পারে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”
পুলিশ ও দমকল সূত্রের খবর, দিল্লির মধু বিহার এলাকায় মান্দাভালি পুলিশ স্টেশন কাছে একটি পার্কিং লটে আগুন লাগে। মঙ্গলবার গভীর রাত ১.১৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া একটি গাড়ির মালিক বলেছেন, “মঙ্গলবার রাতে অফিস থেকে ফেরার পর আমি নিজের গাড়ি পার্ক করেছিলাম। আমি বুধবার সকালে আগুন লাগার বিষয়ে জানতে পারি। পার্কিং কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়ে আমাদের কিছু জানায়নি। তাঁদের ফোন বন্ধ, তাঁরা ফোন ধরছে না।” অপর একজন জানিয়েছেন, মঙ্গলবার রাত একটা থেকে ১.২০ মিনিটের মধ্যে আগুন লাগে। ১০-১৫ মিনিট পর আগুন নেভাতে আসে দমকল। দমকলের ৮-১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়েছে।



















