নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ হাতির আক্রমণের মৃত্যু হল এক মাহুতের৷ ঘটনা মঙ্গলবার নতুন বাজার থানাধীন চেলাগাং গ্রামের নিউ ধনেশ্বর পাড়ায়৷ নিহত মাহুতের নাম হাসুলা মিয়া ওরফে ওতু, বয়স ৫০৷ বাড়ি উদয়পুর তুলামুড়া৷ এলাকাবাসী মারফত পুলিশের কাছে খবর আসে চেলাগাং নিউ ধনেশ্বর পাড়ায় একটি হাতি তার নিজের মাহুতের উপর আক্রমণ চালায়৷ হাতির আক্রমণে মাহুত রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছে বলে খবর পেয়ে পুলিশ দমকল বাহিনীকে খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে হাতির মাহুত হাসুলা মিয়ার রক্তাক্ত দেহটি উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃতদেহ মর্গে পাঠিয়ে দেয়৷ বনদপ্তর সূত্রে খবর আক্রমণকারী ওই হাতিটি আগেও দুটি দুর্ঘটনা ঘটিয়েছিল৷ মঙ্গলবারে হাতির আক্রমণে মাহুতের নিহত হবার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়৷
2023-02-08

