সি.কে নাইডু ট্রফি : বিক্রমের ছয় উইকেট সত্বেও রাজস্থানের বড় স্কোর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি।। শুরুতেই বিশাল স্কোর। পাহাড় প্রমাণ স্কোরের প্রাথমিক ফোভিয়া কাটিয়ে তোলা ত্রিপুরার ব্যাটার্সদের দ্বারা সম্ভব বলেই রাজ্যের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা। রবিবার থেকে জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামে ত্রিপুরা বনাম রাজস্থানের মধ্যে অনূর্ধ্ব ২৫ কর্নেল সি.কে নাইডু ট্রফি চার দিবসীয় ম্যাচ শুরু হয়েছে। টস জিতে ত্রিপুরার অধিনায়ক বিক্রম দেবনাথ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জয়পুরের বাটার্সরা অনেকটা আনন্দিত হয়। বিশেষ করে রোহিত শর্মা ও মুকেশ চৌধুরীর অনবদ্য ব্যাটিং দলকে অনেকটা বড় স্কোর সংগ্রহে সাহায্য করে। দিনভর খেলে রাজস্থান তাদের প্রথম ইনিংসে ৩৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহিত ১৯৭ বল খেলে ২৪ টি বাউন্ডারি সহযোগে ১৫৯ রান পায়। এছাড়া, মুকেশের ৬৬ রান, সুথারের ৩০ রান ও করন লাম্বার ২৯ রান উল্লেখযোগ্য। ত্রিপুরা দলের বিক্রম দেবনাথ দুর্দান্ত বোলিংয়ের পরিচয় দিয়েছে। বিক্রম ১০০ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট তুলে নিয়েছে। এছাড়া, সন্দীপ সরকার তিনটি ও বিজয় রায় একটি উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে ত্রিপুরার ব্যাটার্সরা ব্যাট করতে মাঠে নামবে।