করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.সি.) : ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের ১৩৪তম জন্মজয়ন্তীতে জাতীয় শিক্ষা দিবস পালন করল জাতীয় শিক্ষা দিবস উদযাপন সমিতি ।
এ উপলক্ষে আজ শুক্রবার সকালে সমিতির মূখ্য আহ্বায়ক তথা বদরপুর এনসি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বজলুর রহমান খাঁন, আহ্বায়ক করিমগঞ্জ কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন, শিক্ষক নজমুল ইসলাম, জুনেদ আহমদ, এ জেড এম ইকবাল খাঁন, সুয়াইবুর রহমান, তাহের আহমদ, খসরুল ইসলাম প্রমুখদের নেতৃত্বে মাওলানা আজাদের স্মরণে করিমগঞ্জ শহর সংলগ্ন কানিশাইল থেকে এক প্রভাত ফেরি বের হয়ে শহরের পেট্রোল পাম্প পয়েন্ট ঘুরে আবার কানিশাইলে এসে সমাপ্তি ঘটে ।
প্রভাত ফেরিতে কানিশাইল এলাকার প্রতিভা কলেজিয়েট বিদ্যানিকেতন, ফাতিমি আদর্শ বালিকা বিদ্যালয়, মর্কজ একাডেমি, কানিশাইল গার্লস হাইস্কুল, ইস্টার্ন জুনিয়র কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
এদিকে প্রভাত ফেরি শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সমিতির মূখ্য আহ্বায়ক, অধ্যাপক বজলুর রহমান খান বলেন মাওলানা আজাদ ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত শিক্ষাবিদ। তিনি পাকিস্তানের ঘোর বিরোধী ছিলেন। তিনি চেয়েছিলেন অখন্ড ভারতবর্ষ। তিনি ব্রিটিশের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে প্রাণপণ লড়াই করেছিলেন। ভারতবর্ষ স্বাধীনের পর তিনি দেশের প্রথম শিক্ষামন্ত্রী হয়ে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনেছিলেন। দেশের জন্য করা তাঁর প্রতিটি কর্মই আমাদের প্রেরণা জোগায় বলে মন্তব্য করেন অধ্যাপক বজলুর রহমান খান।
প্রতিভা কলেজিয়েট বিদ্যানিকেতনের অধ্যক্ষ আব্দুস সত্তার বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে শুধু মাত্র ভারতের প্রথম শিক্ষামন্ত্রী বললে ভুল হবে। তিনি ছিলেন একাধারে বহু গ্রন্থের প্রণেতা, সাপ্তাহিক, দ্বি-সাপ্তাহিক, অর্ধ -সাপ্তাহিক বহু ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তিনি ছিলেন খিলাফত আন্দোলনের এক অন্যতম পুরোধা, অসহযোগ আন্দোলনে প্রথম সারির নেতা, দর্শন সত্যাগ্ৰহ উদ্যোক্তা, মুসলিম জাতীয়তাবাদী দলের সভাপতি সহ ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনের পথ পদর্শক। এছাড়া তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্ব কনিষ্ঠ সভাপতি। তিনি একাধিকবার জাতীয় কংগ্ৰেসের সভাপতি হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতির মত সংকটকালিন সময়ে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব থেকে অখণ্ড ভারতের নেতৃত্ব দিয়েছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, করিমগঞ্জ কলেজের অধ্যাপক গিয়াস উদ্দিন, শিক্ষক নজমুল ইসলাম, আব্দুস সালাম, জুনেদ আহমদ, এ জেড এম ইকবাল খাঁন, ফাতিমি আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, কানিশাইল গার্লস হাইস্কুলের শিক্ষক সুয়াইবুর রহমান, মর্কজ একাডেমির তাহের আহমদ প্রমুখ ।



















