কনকনে ঠান্ডায় কাঁপছে লাদাখ, দ্রাসে তাপমাত্রা কমে মাইনাস ১০.৪ ডিগ্রি

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে ভূস্বর্গে। জমে বরফ হয়ে যাচ্ছে কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। ইতিমধ্যেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে লাদাখ ও দ্রাসে। মঙ্গলবার কার্গিল জেলার দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের আকাশ পরিষ্কার থাকার কারণে কাশ্মীর ও লাদাখের তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী ৭ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই জম্মু ও কাশ্মীর ও লাদাখে।

মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ১.৭ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ১.৪ ডিগ্রি, লাদাখের লেহ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৭ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১.৬ ডিগ্রি। ধীরে ধীরে তাপমাত্রা কমছে জম্মুতেও। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.০ ডিগ্রি এবং কাটরাতে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।