নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার বিজেপি দলের সদর দফতরে এক বৈঠকে অংশ নেন৷ এই বৈঠকে আগামী নভেম্বরের শেষের দিকে আসন্ন পুর ও নগর নির্বাচনের জন্য রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে৷
বৈঠকে ত্রিপুরা বিজেপি প্রভরি বিনোদ সোনকার, দলের সাধারণ সম্পাদক (সংগঠন) ফণীন্দ্র নাথ শর্মা, বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা এবং দলের সিনিয়র নেতা, বিধায়ক এবং দলের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাওউপস্থিত ছিলেন৷
সূত্র মারফত জানা গিয়েছে, বিজেপি বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতিমূলক মহড়া হিসেবে পুর ও নগর সংস্থা নির্বাচনকে লক্ষ্য করেছে৷ সমস্ত আসনে বিজেপি প্রার্থীরা সহজেই বিজয়ী হতে পারে তা নিশ্চিত করার জন্য দল পুরো শক্তি প্রয়োগ করবে৷
বিজেপি আগামী সপ্তাহ থেকে একটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছে এবং এটি নির্বাচন পর্যন্ত চলবে৷ দলের অনুমোদনের জন্য মণ্ডলগুলিকে তাদের ওয়ার্ড থেকে নাম মনোনীত করতে বলা হয়েছে৷ দলের শীর্ষ নেতৃত্বের নির্ধারিত মাপকাঠি অনুযায়ী প্রার্থী বাছাই করা হবে৷

