যোগী আদিত্যনাথ সরকারের আমলে দ্রুত এগিয়ে যাচ্ছে উত্তর প্রদেশ : হরদীপ পুরী

লখনউ, ৫ অক্টোবর (হি.স.): যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। বললেন, যোগী আদিত্যনাথ সরকার আসার পর থেকে দ্রুততার সঙ্গে প্রগতি হচ্ছে উত্তর প্রদেশের। একইসঙ্গে আক্রমণ করেছেন পূর্ববর্তী সমাজবাদী পার্টির সরকারকে। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আজাদি কা অমৃত মহোৎসবের অধীনে আয়োজিত “নিউ আর্বান ইন্ডিয়া : ট্রান্সফরমিং আর্বান ল্যান্ডস্ক্যাপ’ কনক্লেভে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ২০১৪ সালের আগে উত্তর প্রদেশে মাত্র চারটি বিমানবন্দর ছিল। বিজেপি সরকার আসার পর উত্তর প্রদেশে ৮টি বিমানবন্দর চলছে। কুশীনগরের আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় প্রস্তুত। অযোধ্যাতেও বিমানবন্দর তৈরির জন্য কাজ করতে হবে। জমি অধিগ্রহণের কাজ চলছে। শুধুমাত্র উত্তর প্রদেশ নয়, দেশ এবং আন্তর্জাতিক স্তরের যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে।

পূর্ববর্তী সমাজবাদী পার্টির সরকারকে আক্রমণ করে হরদীপ সিং পুরী বলেছেন, সেই সময় প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে মাত্র ২০ হাজার বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী যোগী এই সংখ্যাটি ২০ লক্ষে নিয়ে গিয়েছেন। হরদীপ সিং পুরী আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে আর্বান ইনভেস্টমেন্ট কংগ্রেস সরকারের চেয়ে সাতগুণ বেশি হয়েছে। তিনি বলেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আর্বান ইনভেস্টমেন্ট ছিল এক কোটি ৫৭ লক্ষ, ২০১৫ থেকে ২০২১ সালের মধ্যে যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৮৩ লক্ষ। হরদীপ সিং পুরী আরও বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ১৭.৩ লক্ষ ঘর অনুমোদন করেছে। ৮.৮ লক্ষ সুবিধাভোগীদের এখনও পর্যন্ত ঘর দেওয়া হয়েছে।