নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ বিশালগড় এর সিপাহী জলা অভয়ারণ্য সংলগ্ণ বনদপ্তর এর অফিসের সামনে বুধবার রাতে পথদুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর একজন গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পথদুর্ঘটনায় নিহতের নাম তুলসী দাস৷ আহতের নাম চন্দন দে৷
সংবাদসূত্রে জানা গেছে একটি বাইকে করে যাচ্ছিলেন চন্দন দে এবং তুলসী দাস৷ আশঙ্কা করা হচ্ছে দ্রুতগামি কোন গাড়ি বাইককে ধাক্কা দিয়ে চলে গেছে৷ ফলে বাইক নিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন বাইক চালক৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাদেরকে জিবিতে স্থানান্তর করা হয়৷জীবিতে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা করা যায়নি৷ জিবিতে নিয়ে আসা হলে গুরুতর আহত তুলসী দাসের মৃত্যু হয়৷ অপর আহত চন্দন দে বর্তমানে কোমায় রয়েছেন৷ তার অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত গাড়িটির কোনো সন্ধান পায়নি পুলিশ৷ আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক৷ তবে গাড়িটির সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷
এদিকে খোয়াই মহকুমার গৌরাঙ্গ টিলায় বাইক দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম এঞ্জেল দেববর্মা৷ সংবাদ সূত্রে জানা গেছে এঞ্জেল দেববর্মা নামে ওই যুবক বাইক নিয়ে খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হয়৷ গৌরাঙ্গ টিলা এলাকায় এসে পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাইক চালক৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজন এগিয়ে যান৷ তারা খবর দেন দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷দুর্ঘটনায় আহত বাইক চালক এঞ্জেল দেববর্মার অবস্থা সঙ্কটজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ কল্যাণপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


















