আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবারের এই ঘটনায় সিপিআই(এম)-এর পক্ষ থেকে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।
সুদীপ রায় বর্মন বলেন, রাজনৈতিক বা আদর্শগতভাবে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ভাঙচুর করা এবং তাঁকে ঘেরাও করে আটকে রাখার ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, এ ধরনের ঘটনায় যে কোনও মানুষই ক্ষুব্ধ হবেন।
তিনি প্রশ্ন তোলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ কতটা নিরাপদে থাকতে পারবেন। তাঁর অভিযোগ, রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর আক্রমণের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং এর মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
সুদীপ রায় বর্মনের আরও অভিযোগ, রাজনৈতিকভাবে জমি হারানোর আশঙ্কা থেকেই বিজেপি বিরোধী দলগুলির উপর আক্রমণের পথ বেছে নিচ্ছে। তবে এ ধরনের হামলা করে কংগ্রেস বা সিপিআই(এম)-এর মতো বিরোধী দলগুলিকে দমিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনায় মানিক সরকার শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। তবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, রবিবার সকালে বামুটিয়ার কালিবাজার এলাকায় মানিক সরকারের গাড়িবহর আটকে দেওয়া এবং একটি এসকর্ট গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে সিপিআই(এম) কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মানিক সরকার পরবর্তীতে নির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দেন।



















