নয়াদিল্লি, ৭ জুলাই (হি. স.) : কৃষকদের সঙ্গে কোনও ভাবেই প্রতারণা হতে দেবে না কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। সেই লক্ষ্যে নতুন অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। মঙ্গলবার নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, কৃষকরা যাতে নিজেদের ফসলের যোগ্য মূল্য পায় তার গ্যারান্টি আগে থেকেই নিশ্চিত করা হবে। বাড়িতে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ রোজগার যোজনা শুরু করে দিয়েছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকার নিজেদের উদ্যোগে বিপুল পরিমাণ কর্মসংস্থান দেওয়ার চেষ্টা চালিয়েছে।উত্তরপ্রদেশের বদায়ুর দাতা গঞ্জে কৃষিবিজ্ঞান কেন্দ্র ভবনের অনলাইনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর প্রশংসায় পঞ্চমুখ হন কৃষিমন্ত্রী। তিনি বলেন, যোগী আদিত্যনাথ এর জন্য উত্তরপ্রদেশে উন্নয়নের ধারা অব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি পরিকল্পনাকে সুষ্ঠভাবে বাস্তবায়িত করা হয়েছে এখানে। সমাজের অনগ্রসর শ্রেণির মানুষের জন্য নিরন্তন কাজ করে চলেছে প্রশাসন।



















