নজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ এডিসি এলাকার উন্নয়নে আগে সঠিক কর্মসূচি নেওয়া হয়নি৷ ফলস্বরূপ অনেক এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি৷ রাজ্যের বর্তমান সরকার এডিসি ভিলেজগুলিতে আধুনিক কমিউনিটি হল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷
আজ চড়িলাম ব্লকের অন্তর্গত রংমালা এডিসি ভিলেজে হেরমা কমিউনিটি হলের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ কমিউনিটি হলগুলি জনজাতি এলাকায় সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন৷ উপমুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের ঐতিহ্যগত কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ৷ এই লক্ষ্যে একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর খুব কম সময়ের মধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে তা রূপায়ণ করা হছে৷ আগামী দিনগুলিতেও সরকারের এই উদ্যোগ জারি থাকবে৷ এ বিষয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷
দু’শ আসন বিশিষ্ট হেরমা কমিউনিটি হলটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার টাকা৷ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি’র চেয়ারম্যান রাজীব দেববর্মা৷ তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজকুমার দেবনাথ, কানুরাজ দেববর্মা, গ্রামোন্নয়ন দপ্তরের বিশ্রামগঞ্জ ডিভিশনের মুখ্য কার্যনির্বাহী বাস্তুকার কাজল দে প্রমুখ৷



















