News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মাণ সামগ্রীর দাম উর্দ্ধমুখী
Image

নির্মাণ সামগ্রীর দাম উর্দ্ধমুখী

হঠাৎ করিয়া বিভিন্ন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাইয়াছে৷ ফলে সরকারী ও বেসরকারী ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কাজ ব্যাহত হইতেছে৷ বর্তমানে রাজ্য জুড়িয়া বহিতেছে উন্নয়নের জোয়ার৷ অস্বীকার করা যাইবে না যে, রাজ্য জুড়িয়া সরকারীভাবে তৈরী হইতেছে বিভিন্ন রাস্তাঘাট হইতে শুরু করিয়া বিভন্ন সরকারী দপ্তরের সুদৃশ্য ভবন৷ সেই সাথে রাজ্য জুড়িয়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিফিসিয়ারীরা ঘর পাইয়াছেন৷ এই ঘর নির্মাণ বাবদ কেন্দ্রীয় সরকার দিতেছে এক লখ ছেষট্টি হাজার টাকা৷ রাজ্য সরকার দিতেছে দশ হাজার টাকা এবং বেনিফিসিয়ারিদের ঘাড়ে চাপানো হইয়াছে এক লাখ দশ হাজার টাকা৷
এই বিষয়টি নিয়া মতবিরোধ রহিয়াছে৷ ঘর বরাদ্দ হইবার কথা গরিবদের জন্য৷ আর গরিবদের হাতে এক লাখ দশ হাজার টাকা থাকিবর অর্থ হইলো বড়লোক হইয়া যাওয়া৷ ফলে অনেক বেনিফিসিয়ারি তাহাদের জন্য বরাদ্দ ঘর ফেরত দিতে বাধ্য হইয়াছেন৷ অবশিষ্ট যাহারা ঘর নিয়াছেন তাহারা পড়িয়াছেন মহা ফ্যাসাদে৷ কেননা, কেন্দ্র হইতে যেই অর্থ বরাদ্দ করা হইয়াছে তাহা দিয়া ১৪ বাই ৭ হাত বিশিষ্ট ঘর নির্মাণ করা সম্ভব নহে৷ তাহাতে আবার থাকিতে হইবে বারান্দার ঘর, রান্নাঘর, বাথ রুম৷ এলাহি কাজ কারবারে নগন্য প্রাপ্তি ফলে ঘর প্রাপকরা পড়িয়াছে মহা বিপদে৷ সেই সাথে বিভিন্ন নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা এর সামিল হইয়াছে৷
এই মূল্যবৃদ্ধির পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে বলিয়া মনে হইতেছে না৷ কেননা, এইসব নির্মাণ সামগ্রীর উপর নতুন করিয়া কর যেমন বৃদ্ধি হয়নি তেমনই বড় ধরনের কোনও প্রাকৃতিক বিপর্যয়ও ঘটেনি যে নির্মাণ সমগ্রী দুষ্প্রাপ্য হইয়া উঠিয়াছে৷ তবুও কেন মূল্যবৃদ্ধি হইতেছে? ইহার পিছনে রহিয়াছে ফটকাবাজির ব্যবসা৷ রাজ্য জুড়িয়া সরকারীভাবে যেমন বিভিন্ন নির্মাণ কাজ চলিতেছে তেমনই করিয়া শুরু হইয়াছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণের কাজ৷ ফলে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল৷ অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় সরবরাহ কম হইলে পণ্যের দাম বাড়িয়া যায়৷ কেননা, এই ক্ষেত্রে চাহিদা ও যোগানোর তারতম্য হইতেছে বলিয়া পণ্যের দাম বৃদ্ধি পাইতেছে৷ এই ধরনের ব্যবসাকে মুনাফা লুটের ব্যবসা বলা যাইতে পারে৷ এই অধিক মুনাফাখোর ব্যবসায়ীদের জাঁতাকলে পড়িয়াছে বেনিফিসিয়ারিরা৷ তাহারা জেরে ঝটকায় প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পাইয়াছে৷ আর ইটের দাম যেন আকাশ ছোঁয়া৷ এক নম্বর যে ইট কয়েক মাস পূর্বে প্রতি হাজারের দাম সাড়ে আট থেকে নয় হাজার টাকা মফস্বলে ছিল তাহা বর্তমানে এক লাফে সাড়ে দশ হইতে এগার হাজার টাকায় বিক্রয় হইতেছে৷ মনে হইতেছে যেন, ভাট্টার মালিকরা এক জোট হইয়া অস্বাভাবিকভাবে ইটের দাম বাড়াইয়া দিয়াছে৷ সেই সাথে বালি ও রডের দামও বৃদ্ধি পাইয়াছে৷ ‘ফান্দে পড়িয়া বগা যেমন কাঁদে’- তেমনই ব্যবসায়ীদের লোভের ফাঁদে পড়িয়া ঘর প্রাপকদের ত্রাহি ত্রাহি অবস্থা৷ একই সঙ্গে রাজ্য জুড়িয়া বিপুল সংখ্যক ঘর তৈরী হইতেছে৷ সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা এমন রমরমা সুযোগ হাতছাড়া করিবে কেন৷ বলা যাইতে পারে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি লইয়া রাজ্য জুড়িয়া চলিতেছে তুঘলকি কারবার৷ এমন কারবার নিয়ন্ত্রণেও রাজ্য সরকারের ভূমিকা প্রশ্ণের মুখে পড়িয়াছে৷ রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর যেন বর্ষার ঘুমে মগ্ণ৷ দেখিয়াও না দেখিবার ভান করিতেছে৷ মূল্য নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ গ্রহণের নূ্যনতম উদ্যোগ পরিলক্ষিত হইতেছে না৷ রাজ্য সরকার ইচ্ছা করিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারে৷ আকস্মিকভাবে বিভিন্ন ভাট্টা ও নির্মাণ সামগ্রী বিক্রেতাদের দোকানে হানা দিতে পারে৷ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখিবার জন্য সংশ্লিষ্ট দপ্তর হইতে নোটিশ জারি করিতে পারে৷ কিন্তু, তাহা করা হইতেছে না৷ ইহা নিয়া রহস্য সৃষ্টি হইতেছে৷ সরকার যেন চোখে রঙীন চশমা দিয়া রহিয়াছে৷ তাই সব কিছু রঙীন দেখিতেছে৷ ফলে আসল রঙ খঁুজিয়া পাইতেছে না৷ ইহা যেন সর্ষের ভিতর ভূত লুকাইয়া থাকিবার মত অবস্থা৷ তাই ঘর প্রাপকরা পড়েছে ভূতের কবলে৷ অন্যদিকে রাজ্য জুড়িয়া সব ক্ষেত্রে ফটকাবাজ ব্যবসায়ীদের জয় জয়কার৷ তাইতো- জয় বাবা শিব শম্ভুর মতো বলিতে ইচ্ছা হইতেছে – জয় বাবা ফটকাবাজ ব্যবসায়ীর জয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top