নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন মন্দিরে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শুরু হয়েছে বাসন্তী পূজা৷ সোমবার ছিল মহা সপ্তমী৷ রবিবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দেবীকে বরণ করে নেওয়া হয়৷
প্রতি বছরের মতো এবছরও আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন এলাকায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে বাসন্তী পুজা৷ রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রতিমা শিল্পীদের কাছ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রী করে পূজা প্যান্ডেলে প্রতিমা নিয়ে যেতে দেখা গিয়েছে৷ গতকাল সন্ধ্যায় বেলতলায় পূজার সূচনার পর সোমবার সকাল থেকে মূল পূজার সূচনা হয়৷
হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়৷ সমস্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়৷ হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলন রয়েছে৷ তখন দেবীকে কাত্যায়নী নামে পূজা করা হয়৷ তবে এই পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়৷
ঐতিহ্যবাহী আগরতলা দূর্গাবড়িতে রাজন্য আমলের প্রথা মেনে বলি সহ দেবীর পূজা হচ্ছে৷ দুর্গাবাড়িতে প্রচুর জন সমাগম হচ্ছে৷ দুর্গ বাড়ির সামনে বসেছে মেলাও৷



















