ইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : লস্কর প্রধান হাফিজ সইদের দেশত্যাগ আটকাতে তার নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখল পাকিস্তান| এর ফলে সইদ আর পাকিস্তান ছেড়ে আর কোথাও যেতে পারবেন না| সইদের সঙ্গে আরও ৩৭ জনকে ওই তালিকায় রাখা হয়েছে | এ ব্যাপারে একটি নির্দেশিকা দেশের সবকটি গোয়েন্দা সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয়েছে|
উল্লেখ, দিন তিনেক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে হাফিজ সইদকে গৃহবন্দি করেছিল পাকিস্তান| তারপর এই পদক্ষেপ নিল পাক স্বরাষ্ট্র মন্ত্রক | যে ৩৭ জনের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে জামাত সদস্য কাজী কাসিফ নিয়াজ, আবদুর রহমান আবিদকেও| পাক স্বরাষ্ট্র মন্ত্রকের এক মন্ত্রীর কথাতেই স্পষ্ট, হাফিজ সইদের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখার পেছনে আর্ন্তজাতিক চাপ কাজ করছে |
স্বরাষ্ট্র মন্ত্রকের এক মন্ত্রী জানিয়েছেন, জামাত উদ দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়ত-এর মতো সংগঠনকে রাষ্ট্র সংঘের নিষেধাজ্ঞা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে | এদিকে হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে দেশের বেশ কয়েকটি সংগঠন| বৃহস্পতিবার পাকিস্তানের একাধিক শহরে ট্রাম্প ও মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়| এনিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের আরেক জঙ্গি নেতা সৈয়দ সালাউদ্দিন| তিনি মন্তব্য করেছেন, সইদ কাশ্মীর নিয়ে সরব হওয়াতেই এই কাপুরুষোচিত ব্যবস্থা নেওয়া হয়েছে |
2017-02-03

