News Flash

Image

হিংসার রাজনীতি

ত্রিপুরায় রাজনীতির মঞ্চ দিনে দিনেই উত্তপ্ত হইয়া উঠিতেছে৷ এই উত্তাপ আগামী ২০১৮ সালের রাজ্য বিধানসভার নির্বাচনের দিকে লক্ষ্য রাখিয়াই৷ প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব যেভাবে বিপ্লব দেখাইতেছেন সেই তুলনায় তৃণমূল কংগ্রেস আসর গরম করিতে পারিতেছে না৷ প্রদেশ বিজেপি সভাপতির বাসভবনে ক্লাব সদস্যদের হামলার ঘটনা ঘিরিয়া পরিস্থিতি তপ্ত হইয়া উঠে৷ বিপ্লববাবুকে বাঁচাইতে তাহার দেহরক্ষী শূন্যে এক রাউন্ড গুলি ছঁুড়িয়াছে৷ প্রকাশিত সংবাদে জানা গিয়াছে, কৃষ্ণনগরের একটি ক্লাবের সদস্যরা কৃষ্ণনগর নতুনপল্লী রোডের বিপ্লববাবুর বাড়ীতে ঢুকিয়া তাঁহার গাড়ী ভাঙচুর করিয়াছে৷ তাঁহার চালককে বেধরক মারধোর করিয়াছে৷ চালককে পিটাইবার পরেই বিপ্লববাবুর দিকে আগাইয়া যায় ক্লাব সদস্যরা৷ তখন ব্যক্তিগত দেহরক্ষী শূন্যে গুলি চালায়৷ এই ঘটনাকে কেন্দ্র করিয়া থানাায় মামলা পাল্টা মামলা হইয়াছে৷ ঘটনার পরের দিনই বিজেপি কর্মীরা শহরে বিক্ষোভ দেখায় এবং পুলিশের নজর এড়াইয়া মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী বাসভবনের সামনেও বিক্ষোভে ফাটিয়া পড়ে৷
যেকোনও হামলার ঘটনাই নিন্দনীয়৷ কৃষ্ণনগরের ক্লাবের সদস্যরা একজন রাজনৈতিক দলের প্রদেশ সভাপতির উপর হামলা চালানোর পিছনে কি কারণ রহিয়াছে তাহাও গবেষণার বিষয় হইয়া দাঁড়াইয়াছে৷ একথা ঠিক, প্রত্যেকেই আত্মপক্ষ সমর্থন করিয়া বক্তব্য রাখিবে৷ ক্ষমতাসীন সিপিএম দলও মুখ্যমন্ত্রীর সরকারী বাসভাবনের সামনে বিক্ষোভ আন্দোলনের নিন্দা জানাইয়াছে৷ শহরে বিক্ষোভ মিছিল করিয়াছে৷ সোজা কথায়, রাজ্য রাজনীতি উত্তপ্ত হইয়া উঠিয়াছে৷ উত্তপ্ত রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অনেকটাই যেন ম্রিয়মান৷ ত্রিপুরায় তৃণমূলের স্টিয়ারিং এখন সুদীপ রায় বর্মনের হাতে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আশা করিয়াছিলেন একটি জবরদস্ত টিম পাইয়াছেন৷ কিন্তু, সিপিএম এই টিমের লীডার দেখিয়া নিশ্চিন্তে কাটাইতেছে৷ হাতে নাতেই তাহার প্রমাণ মিলিল৷ কর্ণেল চৌমুহনীতে নিজের স্ত্রীর নামে কেনা বাড়ী উদ্ধার করিতে গিয়া সুদীপবাবু নিজের অনুগামীদের নিয়া যে বীরত্ব দেখাইয়াছেন তাহাতে রাজ্যে তৃণমূল অনেক যোজন পিছাইয়া গেল৷ রাজ্যের মানুষ যে ভরসায় তৃণমূলকে গ্রহণ করিতে আগ্রহী হইয়াছে তাহা বিরাট ধাক্কা খাইয়াছে৷ নিজের বাড়ী জমি উদ্ধার করিবার অনেক আইনী পথ আছে৷ সেই পথে না গিয়া দলীয় পদাধিকারীদের সঙ্গে নিয়া যেভাবে ‘বিপ্লব’ করিয়াছেন তাহা একজন রাজনৈতিক নেতার পক্ষে বেমানান শুধু নহে ইহাতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া হইতে বাধ্য৷ এই বিপ্লবের ঘটনায় তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় একটু ধাক্কা খাইয়াছে৷ আর এই অবস্থায়, বিপ্লববাবুর দল বিপ্লব দেখাইয়া চলিয়াছে৷ এই ঘটনা চোখে আঙুল দিয়া দেখাইয়া দিল রাজ্যের রাজনীতি অনেক বেশী হিংসার পথ ধরিতেছে৷ রাজনীতি যদি হিংসাত্মক হইয়া উঠে তাহা হইলে গণতন্ত্রের মহিমাই ভূলুন্ঠিত হইবে৷ সব রাজনৈতিক দলগুলি যদি নিজেদের সংযত রাখিতে না পারে, হিংসার আগুন জ্বালাইয়া রাজনীতির ফায়দা তুলিতে চায় তাহা হইলে ত্রিপুরায় গণতন্ত্র দূর্বল হইবে৷ মানুষের অধিকার হইবে ভূলুন্ঠিত৷ নিরাপত্তাহীনতায় জনমনে আতংক সঞ্চারিত হইবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top