নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.): গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে করোনার এই ভয়াবহতার জন্য একযোগে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির বিরুদ্ধে সরব হলেন বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) সর্বভারতীয় মুখপাত্র সুধীন্দ্র ভাদোরিয়া। করোনা নিয়ন্ত্রণে আনতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি বলে জানিয়েছেন তিনি।
শনিবার বিএসপি মুখপাত্র জানিয়েছেন, দেশের জনগণের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এতদিন পর্যন্ত প্রশাসন ভাবেনি। ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা সরবরাহের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি বাজেটে অর্থ বরাদ্দ পর্যাপ্ত পরিমাণে করেনি। সংকীর্ণ রাজনীতিতে ব্যস্ত থাকার ফলে করোনা রোধে তারা যথাযথ উদ্যোগ নেয়নি। ফলে দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গরীবরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিযায়ী শ্রমিকদের যেভাবে এক রাজ্য থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে তা প্রত্যক্ষ করেছে দেশবাসী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চুড়ান্ত ব্যর্থ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। এমনকি দিল্লি, মুম্বই, সুরাট, আহমেদাবাদ, ব্যাঙ্গালোরে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে।সেখানকার করোনা সংকট ব্যাপক আকার ধারণ করেছে।
উল্লেখ করা যেতে পারে বর্তমানে গোটা দেশে করোনার আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ৩ লক্ষেরও বেশি বিগত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে ১১৪৫৮, মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৫৭৭৯।

