আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর) এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ত্রিপুরার পুলিশ মহাপরিচালক জিএস রাও, আইজিপি (ল’ অ্যান্ড অর্ডার) মাঞ্চক ইপ্পার এবং ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন উপস্থিত ছিলেন।
বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেয় রাজ্য নির্বাচন কমিশন। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন চলাকালীন যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন ও পুলিশকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবাধ ও নিরাপদ পরিবেশে যাতে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।



















