আগরতলা, ৬ সেপ্টেম্বর: মানবিকতার বার্তা নিয়ে সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে।
রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী কমিটির সভাপতি রোপক কুমার দত্ত-সহ অন্যান্য সরকারি কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং একজনের স্বেচ্ছায় রক্তদান সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এদিন বক্তব্যে রামপ্রসাদ পাল বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন। পাশাপাশি সিপিএমের বিভিন্ন প্রচার ও রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি।
সরকারি কর্মচারী ও কর্মরত-অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে মানবিক উদ্যোগ হিসেবে স্বাগত জানান উপস্থিত সকলে। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।



















