আগরতলা, ৩১ আগস্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল-এর অধীন ভিলেজ কমিটিগুলির নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে। রাজ্য নির্বাচন কমিশনার পিকে চক্রবর্তী জানান, আগামী ৫ অক্টোবর সকাল ৭টা থেকে ভোট গণনা শুরু হবে এবং ৮ অক্টোবরের মধ্যে গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, টিটিএএডিসি এলাকার মোট ৫৮৭টি ভিলেজ কমিটির অধীনে ২,৬৩৪টি নির্বাচনী এলাকা এবং ৪,৫৯৭টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং ১১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ কয়েক বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন আটকে ছিল। ২০২১ সালের ৮ মার্চ নির্বাচিত ভিলেজ কমিটিগুলির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ২০২২ সালে নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী প্রস্তুতি শুরু হলেও কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ৯,৬১,৯৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪,৮২,০৪১ জন, মহিলা ভোটার ৪,৭৯,৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। নির্বাচন কমিশন মোট ১,৫৫০টি ভোটকেন্দ্র চিহ্নিত করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাপক প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের আটটি জেলার জেলা শাসক ও কালেক্টরদের জেলা নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৫২টি আরডি ব্লকের বিডিওদের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ২৩১ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং ৩৭৩ জন সেক্টর অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী কাজে প্রায় ৮,৫০০ জন ভোটকর্মী নিয়োজিত থাকবেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
এবারের ভোটগ্রহণ ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভোটের গোপনীয়তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। ভোট গণনা হবে ব্লক হেডকোয়ার্টার অথবা প্রশাসনের নির্ধারিত অন্যান্য কেন্দ্রে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। স্পর্শকাতর এলাকা ও ভোটকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারিও থাকবে।
নির্বাচনের কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই টিটিএএডিসি-এর অন্তর্গত ভিলেজ কমিটি এলাকাগুলিতে মডেল কোড অব কনডাক্ট (নির্বাচনী আচরণবিধি) কার্যকর হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় রাজনৈতিক মহলেও তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন।























