বিশালগড়, ৩০ আগস্ট: অবৈধভাবে কাঠ মজুত ও ফার্নিচার তৈরির অভিযোগে বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় অভিযান চালাল বন দফতর। অভিযানে বিপুল পরিমাণ কাঠের পাশাপাশি বেশ কিছু তৈরি ফার্নিচার উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
বন দফতর সূত্রে জানা যায়, ঘনিয়ামারা এলাকায় একটি ফার্নিচার কারখানায় অবৈধভাবে কাঠ মজুত করে আসবাবপত্র তৈরি করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানের সময় কারখানায় মজুত থাকা বিভিন্ন প্রজাতির কাঠ এবং তৈরি ফার্নিচার উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে বলে দাবি করা হয়েছে।
অভিযানের পর উদ্ধার হওয়া কাঠ ও ফার্নিচারের বৈধ নথিপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে কারখানাটির বৈধতা এবং কাঠ সংগ্রহের উৎস সম্পর্কেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনে কাঠ ব্যবহার ও ফার্নিচার তৈরির বিষয়টি নিশ্চিত করতে আগামী দিনেও নজরদারি ও অভিযান চালানো হবে। অবৈধভাবে বনজ সম্পদ মজুত বা ব্যবসার সঙ্গে কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘনিয়ামারায় বন দফতরের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।
























