আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে অনুপ্রেরণার এক বিশেষ মঞ্চ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হকির কিংবদন্তি ‘হকির জাদুকর’ মেজর ধ্যানচাঁদের পুত্র এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত অলিম্পিয়ান অশোক কুমার সিং। পাশাপাশি বহিঃরাজ্য থেকে আগত দুই খ্যাতনামা প্যারা অলিম্পিয়ান রাহুল গুপ্ত ও প্রতীম গুপ্তকেও সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের উৎসাহিত করা এবং ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি এবং তাঁদের প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কনক চৌধুরী, সম্পাদক স্বপন সরকারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন। অলিম্পিয়ান ও বিশিষ্ট ক্রীড়াবিদদের সম্মান জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
























