আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে টিটিএডিসি কাউন্সিলের সদর দপ্তরের মূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রদ্যোত কিশোর দেববর্মনের পক্ষ থেকে জুয়েলকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রদ্যোত কিশোর দেববর্মা উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, মাননীয় কার্যনির্বাহী সদস্য সি কে জমাতিয়া এবং মাননীয় সদস্য দেবজিৎ ত্রিপুরা।
জানা গেছে, জুয়েল ত্রিপুরা খোয়াই মোহিনী নগর ভিলেজ কাউন্সিলের বোদুয়াবাড়ি এলাকার বাসিন্দা। নীট পরীক্ষায় তপশিলি উপজাতি বিভাগে তাঁর সাফল্যে খুশি সংশ্লিষ্ট মহল। অনুষ্ঠানে তাঁর কৃতিত্বের প্রশংসা করে ভবিষ্যতের পড়াশোনায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, রাজ্যের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করলে তাঁদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহযোগিতাও করা হবে। জুয়েলের পড়াশোনার ক্ষেত্রেও ‘বুবাগ্রা’র পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এবং আগামী দিনেও তাঁর প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এদিন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে জুয়েল ত্রিপুরাকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। বক্তারা জানান, মেধাবী ও আর্থিকভাবে প্রয়োজন রয়েছে এমন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুয়েল ত্রিপুরার এই সাফল্য রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদেরও উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।






















