বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার কার্যালয়ে তালা লাগিয়ে দিল প্রশাসন। আজ আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, সংস্থাটি আগে বিশালগড়ের নিচের বাজার এলাকায় কার্যক্রম চালালেও সম্প্রতি আমবাগান এলাকায় তাদের কার্যালয় স্থানান্তর করা হয়েছে। বিশালগড়ে প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে সংস্থাটি ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে এর আগেও সংস্থাটিকে চিঠি দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আধিকারিক। তাঁর দাবি, বিশালগড় এলাকায় দুটি মাইক্রোফাইন্যান্স সংস্থা ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। অথচ অন্যান্য পুর এলাকায় আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্সের ট্রেড লাইসেন্স রয়েছে।
জানা গেছে, বিশালগড়ের বিভিন্ন এলাকার প্রায় ১,৫০০ জন প্রান্তিক মানুষ সংস্থাটির কাছ থেকে ঋণ নিয়েছেন। সংস্থাটি প্রায় ২৪ শতাংশ সুদের হারে ঋণ প্রদান করছে বলে দাবি করা হয়েছে। তবে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিষয়টিকেই মূল অভিযোগ হিসেবে দেখা হচ্ছে।
এদিন সংস্থার কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্রও খতিয়ে দেখা হয়। সেখানে একটি সাবসিডিয়ারি সংস্থার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়টি সামনে আসে। সেই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলেও সংস্থার পক্ষ থেকে তা দেখানো সম্ভব হয়নি বলে প্রশাসনের দাবি।
এরপর ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় আপাতত সংস্থাটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং কার্যালয়ে তালা লাগানো হয়। সংশ্লিষ্ট আধিকারিক জানান, ভবিষ্যতে সংস্থাটি বৈধ ট্রেড লাইসেন্স সংগ্রহ করে প্রশাসনের কাছে আবেদন করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে সংস্থাটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



















