আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক, মাথায় হেলমেট এবং প্ল্যাকার্ড দিয়ে মুখ ঢেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা। আসন্ন বিধানসভা অধিবেশনকে সামনে রেখে দু’দিন আগে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে মিছিল শুরু হলে রাধানগর এলাকায় পুলিশ তা আটকে দেয়।
আন্দোলনকারীদের অভিযোগ, গত সাত বছর ধরে রাজ্যে এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে। তাঁদের দাবি, বর্তমানে রাজ্যে এসটিজিটি-র শূন্যপদের সংখ্যা ২১৭৬টি। ২০২২ সালে আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, সেই সময় রাজ্যে এসটিজিটি-র শূন্যপদ ছিল পাঁচ হাজারেরও বেশি। পরবর্তীতে বিভিন্ন পদ অবলুপ্ত হওয়ায় বর্তমানে শূন্যপদের সংখ্যা কমে ২১৭৬টিতে দাঁড়িয়েছে বলে দাবি তাঁদের।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার বর্তমানে ২০২৫ সালে উত্তীর্ণ এসটিজিটি প্রার্থীদের মধ্য থেকে মাত্র ৭০০ জনকে নিয়োগের কথা বলছে। তাঁদের দাবি, শুধুমাত্র ৭০০ জন নয়, রাজ্যে বর্তমানে থাকা সমস্ত ২১৭৬টি শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় বিপুল সংখ্যক যোগ্য চাকরিপ্রার্থী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এর প্রভাব রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ওপরও পড়ছে বলে তাঁদের দাবি।
আসন্ন বিধানসভা অধিবেশনে বিষয়টি উত্থাপনের সুযোগ দেওয়ার জন্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার কাছেও আবেদন জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি, বিধানসভায় এসটিজিটি-র সমস্ত শূন্যপদ পূরণের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করে সরকারকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এদিকে, এসটিজিটি চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি চাকরিপ্রত্যাশীদের ধৈর্য ধরার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী জানান, যারা চাকরি পাবেন না বলে আশঙ্কা করছেন, তাঁরা এর মধ্যেই খবর পাবেন। এ বিষয়ে মঙ্গলবারই আলোচনা হওয়ার কথাও জানান তিনি।
তবে ২১৭৬টি শূন্যপদে সম্পূর্ণ নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন হবু শিক্ষক-শিক্ষিকারা।


















