ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, লক্ষাধিক টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ চললেও ওয়ার্ক অর্ডারে উল্লেখিত অধিকাংশ কাজ বাস্তবে যথাযথভাবে সম্পন্ন করা হচ্ছে না।
স্থানীয়দের দাবি, সরকারি ওয়ার্ক অর্ডারে গর্ত ভরাট, ব্রিক সোলিং, ড্রেন নির্মাণ, স্ট্রিপিং এবং প্রোটেকশন ওয়ার্কসহ একাধিক কাজের উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে অনেক জায়গায় শুধুমাত্র ইটের খোয়া ফেলে কাজ শেষ করা হয়েছে। নির্ধারিত মান ও প্রকল্পের শর্ত অনুযায়ী কাজ না হওয়ায় রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
ওয়ার্ক অর্ডার অনুযায়ী, প্রায় ২২ লক্ষ ৮০ হাজার ৭৭০ টাকা ৫৮ পয়সা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজের বরাত পেয়েছেন ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী। প্রকল্পের কাজ শেষ করার জন্য ১৮০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজ চললেও রাস্তার বেহাল অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্ষার সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে নতুন করে গর্ত তৈরি হচ্ছে, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। তাঁদের দাবি, ওয়ার্ক অর্ডারে উল্লেখিত কাজ এবং বাস্তবে সম্পন্ন হওয়া কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যা সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছে।
স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, কাজ চলাকালীন জনপথ নির্মাণ দপ্তরের (পিডাব্লিউডি) দায়িত্বপ্রাপ্ত এসডিও বা প্রকৌশলীদের নিয়মিত পরিদর্শন করতে দেখা যায়নি। তাঁদের মতে, নিয়মিত তদারকি থাকলে নিম্নমানের কাজের অভিযোগের সুযোগ থাকত না।
এলাকাবাসী অবিলম্বে সংশ্লিষ্ট স্থানে সরেজমিন পরিদর্শন, কারিগরি তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। পাশাপাশি, কাজের প্রকৃত মান নিশ্চিত না করে কোনো বিল অনুমোদন না করার জন্যও পিডাব্লিউডি-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার শ্রী নারায়ণ নাথ চৌধুরী কিংবা জনপথ নির্মাণ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।























