আগরতলা, ১৭ জুলাই: ত্রিপুরা পুলিশের শীর্ষস্তরে বড়সড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার। একযোগে ৪৭ জন আইপিএস ও টিপিএস কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রশাসনিক মহলে এই বদলিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উনকোটি জেলার বর্তমান পুলিশ সুপার সুধাম্বিকা আর. (আইপিএস)-কে বদলি করে সাইবার ক্রাইমের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ঋষভ (আইপিএস), যিনি উনকোটি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। পূর্বে তিনি গোমতী জেলার এডিশনাল এসপি হিসেবে দায়িত্বে ছিলেন।
অন্যদিকে, এতদিন সাইবার ক্রাইমের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকা নবদ্বীপ জমাতিয়া (আইপিএস)-কে টিএসআর ১৫তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কৈলাসহর মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জলসম্পদ দপ্তরের বাঁধ মেরামতকে কেন্দ্র করে দুই ঠিকাদার গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে উনকোটির নতুন পুলিশ সুপার হিসেবে ঋষভের নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও, শঙ্কর দেবনাথ (আইপিএস)-কে অর্থনৈতিক অপরাধ দমন শাখার নতুন পুলিশ সুপার করা হয়েছে। পূর্বে তিনি টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট ছিলেন।টিপিএস কর্মকর্তা প্রিয়মাধুরী মজুমদার-কে ভিজিল্যান্স অর্গানাইজেশনের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি জেরেমিয়া দারলং-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, জেরেমিয়া দারলং সম্প্রতি ‘অপমান ও হয়রানির’ অভিযোগ তুলে স্বেচ্ছাবসর -এর আবেদন করেছিলেন। তাঁকে বর্তমানে ধলাই জেলার সিআইএটি -এর কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, সিআইএটি স্কুল, আমবাসার প্রধান কিশান কুমার (আইপিএস)-কে স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর পুলিশ সুপার করা হয়েছে।
চন্দন সাহা, যিনি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোবাইল টাস্ক ফোর্স -এর পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে। এই বাহিনী মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কাজে নিয়োজিত। এছাড়া পান্নালাল সেন (টিপিএস )-কে সদর মহকুমার এসডিপিও হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি আগরতলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। এই পদে তিনি দেবপ্রসাদ রায়-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
এছাড়াও অনির্বাণ দাস (টিপিএস )-কে গোমতী জেলার এসপি হিসেবে নিয়োগ করা হয়েছে। এইচ. ফ্রান্সিস ডারলং(টিপিএস) এখন অ্যান্টি-নারকোটিক্সের এসপি। মীনা কুমারী দেববর্মা (টিপিএস)-কে সিরিয়াস ক্রাইম শাখার এসপি করা হয়েছে।
বদলির তালিকায় একাধিক মহকুমার এসডিপিও পদেও রদবদল হয়েছে। দেবপ্রসাদ রায়(টিপিএস) – এসডিপিও খোয়াই, উৎপলেন্দু দেবনাথ (টিপিএস) – এসডিপিও কাঞ্চনপুর, ডেভিড দেববর্মা (টিপিএস) – এসডিপিও কুমারঘাট, অভিজিৎ দাস (টিপিএস) – এসডিপিও সোনামুড়া, সৌরভ সেন (টিপিএস) – এসডিপিও কমলপুর।
অতিরিক্ত পুলিশ সুপারদেরও রদবদল হয়েছে। তালিকায় রয়েছেন, অশীষ কুমার ঠাকুর (আই পি এস) – অতিরিক্ত এসপি, উত্তর জেলা, কমল দেববর্মা (টিপিএস) – অতিরিক্ত এসপি, উনকোটি, রূপম চাকমা (টিপিএস) – অতিরিক্ত এসপি (ট্রাফিক), রাজীব সূত্রধর (টিপিএস) – অতিরিক্ত এসপি, গোমতী, ডি. কুদিয়ারাসু (আইপিএস) – অতিরিক্ত এসপি, সেপাহিজলা
বিজ্ঞপ্তি অনুযায়ী, টিএসআর -এর একাধিক ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, ট্রাফিক, নিরাপত্তা, এসসিআরবি, স্পেশাল ব্রাঞ্চ, সিআইএটি স্কুল, সেফটি, অ্যান্টি-নারকোটিক্স, সিরিয়াস ক্রাইম, ইকোনমিক অফেন্সেস, ভিজিল্যান্স এবং বিভিন্ন জেলার ডেপুটি এসপি পদেও ব্যাপক রদবদল করা হয়েছে।
প্রশাসনিক মহলের মতে, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা আরও সুসংহত করা, গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই ব্যাপক রদবদল করা হয়েছে।
























