আগরতলা: ৯ জুলাই: আজ থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটরিয়ামে ত্রিপুরা শিল্প বানিজ্য দপ্তর ও ফিকি আয়োজিত দুদিনের ডেস্টিনেশান ত্রিপুরা বিজনেস কনক্লেভ – ২০২৬ শুরু হয়েছে। বিজনেস কনক্লেভের সুচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। কনক্লেভে দেশ বিদেশের বিভিন্ন শিল্পসংস্থা , উদ্যোগপতি, ও বিনিয়োগকারী অংশ নিয়েছেন। তাছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ফিলিপিন্স, উজবেকিস্তান, কাজাখিস্তান, রিপাবলিক অব টিমোর লেস্তে, চিলি ও লাউস- পিডিআর প্রভৃতি ৯টি দেশের রাষ্ট্রদূতগণ অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ভাবে অংশ নেন কেন্দ্রীয় শিল্প বানিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল, উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। কনক্লেভে হোটেল শিল্প, পর্যটন পরিষেবা, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য, বাঁশ শিল্প, প্রাকৃতিক রাবার, চা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগে মউ চুক্তি বিনিময় করা হয়। ভার্চুয়াল ভাষণে কেন্দ্রীয় শিল্প বানিজ্য মন্ত্রী শ্রী পীযুষ গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়েগের জন্য ত্রিপুরা অন্যতম উপযুক্ত এক রাজ্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার শিল্প বিনিয়োগে এক আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা দেশের প্রথম রাজ্য যেখানে শিল্প বিনিয়োগে ন্যাশনাল ডি রেগুলেশন ইনিশিয়েটিভ এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হয়েছে। ত্রিপুরায় এক শিল্প পরিবেশ রয়েছে যে রাজ্যে শিক্ষার হার বেশি, দক্ষ ও প্রশিক্ষিত লোক, ভালো যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল পরিকাঠামো, ও প্রাকৃতিক রাবার, বাঁশ রয়েছে। কুইন ভ্যারাইটির আনারস, ইত্যাদিতে ভরপুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এক রাজ্য।, এম এস এম ই ক্ষেত্রকেও শিল্প বানিজ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত করার উপর জোর দেন শিল্প বানিজ্য মন্ত্রী শ্রী গোয়েল। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বানিজ্য সম্পর্ক রয়েছে এই সব দেশেও ত্রিপুরার উৎপাদিত সামগ্রী সরবরাহের জন্য পরামর্শ দেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত বিকশিত ভারত গঠনে ত্রিপুরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
ভার্চুয়াল ভাষণে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রীর এক্ট ইস্ট ভিশনে, ত্রিপুরা ভারতের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বানিজ্যের দ্বার হয়ে উঠতে চলছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য তিনি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। শ্রী সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অষ্টলক্ষীর অন্যতম এক রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল প্রধানমন্ত্রীর বিকশিত ভারত গঠন জোর কদমে এগিয়ে চলছে। গত ১২ বছরে ত্রিপুরাসহ উত্তর পূর্বাঞ্চলে প্রভুত উন্নতি হয়েছে। রেল, সড়ক, বিমান যোগাযোগ সব দিক দিয়ে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ত্রিপুরায় জি.এস.ডি.পি দেশের গড় অনুপাতের প্রায় সমান। প্রাকৃতিক রাবার, চা, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ কৃষিতে সমৃদ্ধ এক রাজ্য। এখানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা।বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ত্রিপুরার শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা, শিল্প বানিজ্য সচিব কিরন গিত্যে, ফিকির উত্তর পূর্বাঞ্চলের চেয়ারম্যান রঞ্জিত বড়ঠাকুর ভাষণ দেন।























