বিলোনিয়া, ৯ জুলাই: বিলোনিয়া রেলস্টেশন সংলগ্ন একটি কোল্ড স্টোরেজে অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য রক্ষা পায় গোটা এলাকা। একই সঙ্গে প্রাণে বেঁচে যান কোল্ড স্টোরেজের অপারেটর।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ কোল্ড স্টোরেজ থেকে বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে অপারেটর তমাল ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার থেকে ব্যাপক হারে গ্যাস লিক হচ্ছে। মুহূর্তের মধ্যে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গ্যাসের লিকেজ বন্ধ করার চেষ্টা করেন তমাল। ওই সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তাঁর পুরো শরীর সাদা হয়ে যায়। প্রাণের ঝুঁকি নিয়েই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মী। দমকল কর্মীরা অক্সিজেন সিলিন্ডারের সহায়তায় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে একজন অপারেটরকে দিয়ে গ্যাসের সিলিন্ডারটি বন্ধ করান। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কোনও প্রাণহানির খবর না মিললেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কী কারণে অ্যামোনিয়া গ্যাস লিকেজের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।























