আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (টিএসইসিএল)। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এসি বসানোর আগে অবশ্যই বাড়ির অনুমোদিত বৈদ্যুতিক লোড বৃদ্ধি করতে হবে।
বিদ্যুৎ নিগমের মতে, অনুমোদিত লোড বৃদ্ধি না করে এসি চালালে বাড়ির বৈদ্যুতিক সংযোগে অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে শর্ট সার্কিট, অগ্নিকাণ্ড, বিদ্যুৎ মিটার ও বৈদ্যুতিক লাইনের ক্ষতির পাশাপাশি আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই সামান্য সময় বা অর্থ সাশ্রয়ের জন্য কোনোভাবেই এই ঝুঁকি নেওয়া উচিত নয়।
নিগম জানিয়েছে, নতুন এসি কেনা বা বসানোর পরিকল্পনা করলেই প্রথমে নিকটবর্তী বিদ্যুৎ নিগমের কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় বৈদ্যুতিক লোড বৃদ্ধি করে নিতে হবে। এতে যেমন পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি বিদ্যুৎ ব্যবস্থাও সুরক্ষিত থাকবে। এসি ব্যবহারে যা করবেন, নতুন এসি বসানোর আগে অবশ্যই টিএসইসিএল থেকে বৈদ্যুতিক লোড বৃদ্ধি করে নিন। বছরে অন্তত একবার এসির নিয়মিত সার্ভিসিং করান। আউটডোর ইউনিট পরিষ্কার ও বাধামুক্ত রাখুন। এসির তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। ঘরের আর্দ্রতা ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে রাখুন। পর্দা বা ইনসুলেশন ব্যবহার করে ঘরে তাপ প্রবেশ কমান। প্রশিক্ষিত প্রযুক্তিবিদের মাধ্যমে এসি স্থাপন ও মেরামত করান। সঠিকভাবে আর্থিং নিশ্চিত করুন। সম্ভব হলে বিইই ৫-স্টার রেটিংযুক্ত এসি ব্যবহার করুন।
এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সুইচ বন্ধ রাখুন।
এসি ব্যবহারে যা করবেন না, সেগুলি হল – অনুমোদিত বৈদ্যুতিক লোড বৃদ্ধি না করে নতুন এসি চালাবেন না। এসির নিয়মিত রক্ষণাবেক্ষণে অবহেলা করবেন না। এসির ইনলেট বা আউটলেট কোনোভাবেই বন্ধ বা ঢেকে রাখবেন না। একই সার্কিটে একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক যন্ত্র একসঙ্গে ব্যবহার করবেন না। এসি থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ বের হলে তা উপেক্ষা করবেন না। কোনো ত্রুটি দেখা দিলে মেরামতে দেরি করবেন না। অপ্রয়োজনীয়ভাবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সেট করবেন না, এতে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ঘরের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি নির্বাচন করুন; ভুল ক্ষমতার এসি ব্যবহার করবেন না।
বিদ্যুৎ নিগমের বক্তব্য, সচেতনতা এবং নিরাপদ ব্যবহারই দুর্ঘটনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তাই নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিগমের নির্দেশিকা মেনে চললে একদিকে যেমন পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।



















