আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়। শুক্রবার সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার-সহ অন্যান্য আধিকারিকরা।
গান্ধীজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে প্রথমে আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এ সময় উপস্থিত বিশিষ্টজনেরাও জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মরণে সংগীত পরিবেশন করা হয়।
এরপর রাজ্যপাল আগরতলার গান্ধীঘাটে পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গান্ধীজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাট এলাকাতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীজির জীবনদর্শন, আদর্শ এবং দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহাত্মা গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি অহিংসা, শান্তি ও স্বচ্ছতার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। গান্ধীজির দেখানো পথে এগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গান্ধীজয়ন্তীর এই কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর আদর্শকে স্মরণ করার পাশাপাশি শান্তি, সম্প্রীতি, অহিংসা ও স্বচ্ছতার বার্তা তুলে ধরা হয়।



















