নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি-র সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের চলমান জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতের নতুন সড়ক পরিকাঠামো উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় সড়ক যোগাযোগ আরও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর ধারাবাহিক সহযোগিতা ও অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাজ্য সরকারের মতে, উন্নত সড়ক যোগাযোগ ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
























