আগরতলা, ২৯ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। এই ঘটনায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে এক মদ্যপ যুবক কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও হয় এবং হামলার চেষ্টা চালায়। হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী এবং পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বলেও উল্লেখ করেন তিনি।
বিধায়ক জানান, ঘটনার পর প্রশাসন ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক।


















