আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল সিপিআই(এম)। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সেই দাবিতে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
আজ এক প্রতিক্রিয়ায় জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান রাজ্য নির্বাচন কমিশন গঠনের সময়ই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কমিশনের পক্ষে ভারতীয় জনতা পার্টির ইচ্ছার বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করা কঠিন হবে। তাঁর দাবি, বিভিন্ন কারণে কমিশন বিজেপির কাছে দুর্বল অবস্থানে রয়েছে।
ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উদয়পুরসহ বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির জন্য পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের যথাযথভাবে ব্যবহার না করাকেই দায়ী করেন তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনে মোট ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সংবেদনশীল এলাকাগুলিতে যথাযথভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ব্যবহার করা হলে বহিরাগতদের পক্ষে বুথ দখলের চেষ্টা করা সম্ভব হতো না এবং আরও বহু জায়গায় বুথ দখলের ঘটনা এড়ানো যেত।
তিনি বলেন, কোথাও যদি নিয়মকানুন মেনে সুষ্ঠুভাবে ভোট না হয়ে থাকে, তাহলে সেখানে পুনর্নির্বাচন হওয়া উচিত। এতে আমাদের আপত্তি নেই।
তবে সিপিআই(এম)-এর পক্ষ থেকে প্রায় ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানানো হলেও কমিশন সেই দাবিগুলিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রের পরিস্থিতি বিবেচনা করেই এই দাবি জানানো হয়েছিল।
তাঁর অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় কোথাও অনিয়মের অভিযোগ উঠলে সব পক্ষের অভিযোগ সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত ছিল। কমিশনের সিদ্ধান্তে সেই নিরপেক্ষতার প্রতিফলন নেই বলেই দাবি করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক।



















