উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার উদয়পুর মোটরস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আইসা, বিপ্লবী যুব সংস্থা, কিষান মহাসভা এবং সিপিআই(এম-এল)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ১৯ জন ছাত্র-ছাত্রীর স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়।
বিক্ষোভ সভায় বক্তারা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। বক্তব্য রাখতে গিয়ে পার্থ কর্মকার বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লিসহ দেশজুড়ে ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের আন্দোলনের সঙ্গে তাঁরা একাত্মতা প্রকাশ করছেন।
তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-কে বাতিল করে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করতে হবে।
এছাড়া শিক্ষা, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার বেসরকারিকরণ বন্ধ, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার না করা এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও তথাকথিত ‘মাফিয়ারাজ’-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।






















