খোয়াই, ২৫ জুন: খোয়াই শহর থেকে বাচাইবাড়ী এলাকার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে খোয়াই মহিলা থানার পুলিশ। বুধবার খোয়াই-বাচাইবাড়ী সড়কের সিঙ্গিছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, খোয়াই জেলা পুলিশের মাদক ও অবৈধ নেশাজাতীয় দ্রব্যবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে খোয়াই মহিলা থানার পুলিশ সিঙ্গিছড়া এলাকায় নজরদারি চালাচ্ছিল। এসময় একটি স্কুটি সন্দেহজনকভাবে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে স্কুটি থেকে মোট ৩৮ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার হয়। ঘটনায় স্কুটির চালক স্বপন দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বাচাইবাড়ী এলাকায় বলে জানা গেছে। উদ্ধার হওয়া মদের বোতলগুলির কোনও বৈধ নথিপত্র তিনি দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোয়াই মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মিনা দেববর্মা জানান, নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ওত পেতে ছিল। অভিযানের সময় আটক স্কুটি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়, যা বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ মদভর্তি বোতল ও পাচারে ব্যবহৃত স্কুটিটি বাজেয়াপ্ত করেছে। ধৃত স্বপন দেববর্মার বিরুদ্ধে আবগারি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
খোয়াই জেলায় অবৈধ মদ ও নেশাজাতীয় দ্রব্যের কারবার রুখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।


















