নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও জোরদার হতে চলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গর জানিয়েছেন, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই সপ্তাহে নয়াদিল্লিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সের্গিও গর বলেন, “আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে নয়াদিল্লিতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিকে এগিয়ে নিতে পীযূষ গোয়েলের সঙ্গে একাধিক বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।”
আগামী মাসে কার্যকর হতে চলা গুরুত্বপূর্ণ শুল্ক-সংক্রান্ত সময়সীমার আগে দুই দেশ প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করতে চাইছে। সেই লক্ষ্যেই গ্রিয়ার ও গোয়েলের মধ্যে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে।
মন্ত্রীস্তরের এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই অন্তর্বর্তী চুক্তিই ভবিষ্যতে আরও বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে।
রবিবার পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তাঁর মার্কিন সমকক্ষ সোমবার দিল্লিতে আসছেন।
এর আগে চলতি মাসে বাণিজ্য সচিব রাজেশ অগ্রবাল জানিয়েছিলেন, উভয় পক্ষের মধ্যে আলোচনায় প্রথম পর্যায়ের কাঠামোগত চুক্তির চূড়ান্ত রূপরেখা নির্ধারণের পাশাপাশি বৃহত্তর বাণিজ্য চুক্তি নিয়েও অগ্রগতি হবে।
পীযূষ গোয়েল সম্প্রতি বলেন, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সংক্রান্ত অধিকাংশ অমীমাংসিত বিষয় সমাধানের পথে রয়েছে এবং আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই বিটিএ-র প্রথম পর্যায় সম্পন্ন হওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমেরিকা তার সমস্ত বাণিজ্যিক অংশীদারের ওপর যে অস্থায়ী ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল, তার মেয়াদ আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন প্রশাসন এই অস্থায়ী শুল্ক আরোপ করে, যা ‘মোস্ট ফেভার্ড নেশন’ (এমএফএন) শুল্কের অতিরিক্ত হিসেবে ধার্য করা হয়েছিল। ১৫০ দিনের সময়সীমা শেষ হওয়ার পর ওয়াশিংটন নতুন শুল্ক কাঠামো কার্যকর করতে পারে বলে জানা গেছে।
এর আগে ২ থেকে ৪ জুন পর্যন্ত নয়াদিল্লিতে উভয় দেশের প্রধান আলোচকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেও প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সূত্রের খবর।
ভারত ও আমেরিকা ধাপে ধাপে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসারের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির দিকে এগোতে চায়।
সূত্র: আইএএনএস



















