চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় নিখোঁজ ছাত্রকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের সদস্যদের মধ্যে। পুলিশের এই সাফল্যে খুশি গুলিরাইবাড়ি এলাকার বাসিন্দারাও।
জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত গুলিরাইবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়া। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর জুয়েলের অভিভাবক বাচ্চু মিয়া বিশ্রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নিখোঁজ ছাত্রের সন্ধানে তৎপর হয়ে ওঠে পুলিশ। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে শুরু হয় তদন্ত ও অনুসন্ধান।
তদন্তের ভিত্তিতে পুলিশ বিশালগড়ের লালসিংমুড়া এলাকায় নুর আলম মিয়ার বাড়িতে পৌঁছে জুয়েল মিয়াকে বাইকসহ উদ্ধার করে। পরে তাঁকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
নিখোঁজ হওয়ার পর দ্রুততার সঙ্গে ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা-সহ পুলিশকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুয়েলের পরিবারের সদস্যরা। পুলিশের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নিখোঁজ ছাত্রের সন্ধান মেলায় এলাকাতেও স্বস্তি ফিরে এসেছে।
























