আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার অন্তর্গত কৈলাসহর-কমলপুর বিকল্প জাতীয় সড়কের ফটিকছড়া স্কুলের সামনে। আহত সহচালক শান্তি দেবনাথ (৫৫) বর্তমানে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টা নাগাদ ফটিকছড়া স্কুলের সামনে রাস্তার পাশে একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়েছিল। ওই লরির সহচালক শান্তি দেবনাথ তখন গাড়ি থেকে প্রায় ১০ থেকে ১৫ মিটার দূরে রাস্তার পাশে ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা যায়।
অভিযোগ, সেই সময় লরিটি চালানোর সময় চালক জয়দেব ঘোষের অসাবধানতায় গাড়ির চাকা শান্তি দেবনাথের হাতের উপর দিয়ে চলে যায়। লরিটির নম্বর টিআর-০১-এ-১৬৪২ এবং এটি একটি ১২ চাকার পাথর বোঝাই লরি বলে জানা গেছে। দুর্ঘটনায় শান্তি দেবনাথের হাত সম্পূর্ণভাবে থেঁতলে যায়।
আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১৪ আগস্ট থেকে তিনি আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সহচালকের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর অভিযুক্ত চালক জয়দেব ঘোষ তাঁর কোনও খোঁজখবর নেননি এবং চিকিৎসার জন্য কোনও ধরনের সহযোগিতাও করেননি। জয়দেব ঘোষের বাড়ি আগরতলার কাশীপুর এলাকায় বলে জানা গেছে।
এই ঘটনায় আহত শান্তি দেবনাথের স্ত্রী সুচিত্রা দেবনাথ, ২০ সেপ্টেম্বর তেলিয়ামুড়া থেকে ট্রেনে এসে ফটিকরায় থানায় উপস্থিত হন। পরে তিনি অভিযুক্ত চালক জয়দেব ঘোষের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেন। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় কার, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
























